২৪ সালের মধ্যে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেটের চাহিদা বাড়বে ঘরে ঘরে
২০২৪ সালের মধ্যে দেশের প্রতিটি বাড়িতেই দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেটের চাহিদা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। আর এই চাহিদা মেটাতে বিটিসিএলসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বিষ্যত কর্মপরিকল্পনা প্রণয়ণের নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা ক্লাবে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে ও জেডটিই এর সহযোগিতায় বিটিসিএল আয়োজিত আনলকিং পটেনসিয়ালস ফর বেটার ফিউচার শীর্ষক দিনব্যাপী সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই নির্দেশ দেন মন্ত্রী।
এসময় ডাক ও টেলিযোগাযোগ সচিব আশোক কুমার বিশ্বাস এবং বিটিসিএল ব্যবস্থাপনা পরিচালক ইকবাল মাহমুদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মোস্তাফা জব্বার বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ডিজিটাল প্রযুক্তি হচ্ছে মূল চালিকা শক্তি। বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের ফলে দেশে ২০২৪ সালের মধ্যে এমন কোন বাড়ি থাকবে না, যে বাড়ীতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেটের চাহিদা হবে না।
এসময় ২০২৩ সালের মধ্যে দেশে ৫জি সেবা চালু করার প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী।
তিনি বলেন, ৫জি দেশে একটা শিল্পবিপ্লব ঘটাবে। এই জন্য এই প্রযুক্তি শহরের চেয়ে গ্রামে বেশী প্রয়োজন হবে। গ্রামে স্বাস্থ্য ও কৃষিতে তা লাগবে। আমরা গ্রামে মোবাইল ৫জি ওপর নির্ভর না করে বিটিসিএল এর মাধ্যমে যদি ল্যান্ডফোনে ৫জি দিতে পারি তবে জনগণ অনেক বেশী উপকৃত হবে।
টেলিযোগাযোগ মন্ত্রী উদ্ভাবনকে একটি জাতির ভবিষ্যত আখ্যায়িত করে বলেন, প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের ভাবতে হবে সামনের জন্য তারা কতটা প্রস্তুত। যদি চতুর্থ শিল্পবিপ্লবের জন্য আমাদের প্রস্তুতির ঘাটতি থাকে তবে তা পূরণ করতে হবে। না পারলে টিকে থাকা অসম্ভব।
তিনি আত্মবিশ্বাসের সাথে কাজ করার আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, স্বপ্ন দেখুন, স্বপ্ন বাস্তবায়ন করুন, কেউ আমাদের অগ্রযাত্রা থামাতে পারবে না।
মন্ত্রী বিটিসিএল ল্যান্ডফোনের লাইনরেন্ট বাতিল ও ১৫০ টাকায় যেমন খুশী কথা বলার ঘোষিত প্যাকেজের সুফল তুলে ধরে বলেন, এখন ল্যান্ডফোনের চাহিদা প্রতিদিনই বাড়ছে। লাইন মেরামতসহ সেবারমান নিশ্চিত করতে পারলে বিটিসিএল ঘুরে দাঁড়াবেই।